সাবেক সংসদ সদস্য, জেলার বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল হাকিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে গতকাল বুধবার দুপুরে তৃতীয় জানাজা শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল সকালে জেলার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহে এবং গত সোমবার জাতীয় সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। উল্লেখ্য, বরেণ্য রাজনীতিক আবদুল হাকিম (৮৫) শ্বাসকষ্টজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
