স্মৃতিসৌধ, লাল-সবুজের জাতীয় পতাকা। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি আর জন্মভূমি বাংলাদেশের ছবি উঠে এসেছে রঙ-তুলিতে আঁকা শিল্পীদের চিত্রকর্মে। ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিল মুক্তিযুদ্ধ আর দেশের গানের সংমিশ্রণ। আড়াই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে ‘সুরের ধারা’ শিল্পীদের সমবেত কণ্ঠে ‘লাখো শহীদের রক্তমাখা আমাদের এই পতাকা’ গান পরিবেশনের মধ্যদিয়ে।
তেজগাঁওয়ে ‘চ্যানেল আই’ ভবন গতকাল বুধবার ছিল রঙ-তুলিতে মুক্তিযুদ্ধ শিরোনামে চিত্রাঙ্কন অনুষ্ঠান। তুলির আঁঁচড়ে জাগ্রত হবে মুক্তিযুদ্ধের চেতনা- প্রতিপাদ্য নিয়ে এই বর্ণাঢ্য চিত্রাঙ্কন অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতনামা অর্ধশতাধিক চিত্রশিল্পী। ছোট শিশুরাও রঙ-তুলি নিয়ে মেতে উঠেছিল এই আয়োজনে। বাড়তি আকর্ষণ ছিল দেশের গান ও আবৃত্তি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কোনো আয়োজন না থাকলেও এবারও লেখক সৈয়দ শামসুল হকের হাতে সাদা ক্যানভাসে রঙ ছোঁয়ানোর মধ্যদিয়ে শুরু হয় চিত্রকর্ম পর্বের আনুষ্ঠানিকতা।
সৈয়দ হকও এঁকেছেন মুক্তিযুদ্ধের ছবি। রঙ-তুলিতে মুক্তিযুদ্ধ তুলে ধরেন হাশেম খান, সমরজিত্ রায় চৌধুরী, শহীদ কবীর, জাহিদ মুস্তাফা, আবদুল মান্নান, সৈয়দ ইকবাল, রেজাউল করিম, শেখ আফজাল, নাসিম আহমেদ নদভী, শাহজাহান আহমেদ, রেজাউন নবী, সোহানা শাহরীন, আলপ্তগীন তুষার, ফারজানা আহমেদ উর্মী, সৈয়দ জাহিদ ইকবাল, অনুকুল চন্দ্র মজুমদার, শেখ জহুর, জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, গোলাম রব্বানী শামীম, বিজয় সেন, শারমীন জামান, মোবাশ্বের আলম, কেরামত মাওলা, আব্দুস সাত্তার তৌহিদ, লায়লা আঞ্জুমান আরা প্রমুখ। তাদের চিত্রকর্মে উঠে এসেছে একাত্তরের বিভিন্ন স্মৃতি, জাতীয় পতাকা ও প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও আফরোজা বানু।
আগত শিল্পী ও অতিথিদের ধন্যবাদ জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য রাখেন মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ শামসুল হক, হাশেম খান, ফজল-এ-খোদা, আনোয়ারা সৈয়দ হক, হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ। পঞ্চমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপন করেন আফজাল হোসেন ও মৌসুমী বড়ুয়া। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করে।
