পাক-ভারত সম্পর্ক স্বাভাবিকীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেয়া উচিত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:১৫
পাকিস্তান ও ভারতের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন নওয়াজ শরিফ।সোমবার নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডামের হেগে দুইদিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা সম্মেলনের (এনএসএস) ফাঁকে তিনি এ কথা বলেন। নওয়াজ শরিফ বলেন, দুইদেশের মধ্যে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, যা দ্রুত সমাধান হওয়া উচিত। খবর ডন অনলাইনের। ওইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ভারত দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যা সমাধান করতে আন্তরিক নয়। তারা এক্ষেত্রে অনেক দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। তিনি বলেন, যদি ভারত এ সমস্যা দূরীকরণে তৃতীয় পক্ষকে সম্পৃক্ত না করে তাহলে এক্ষেত্রে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ভারতসহ এ অঞ্চলের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। পাকিস্তান চায় আফগান শান্তি পরিষদ এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। কেননা এর উপর আমাদের সকলের নিরাপত্তাই নির্ভর করছে। নওয়াজ শরিফ বর্তমানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা কমে আসায় তার প্রশংসা করে বলেন, এই নীতি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রকে অবলম্বন করা উচিত। কেরির সঙ্গে নওয়াজের বৈঠককালে তাদের মধ্যে আরো অনেক বিষয় উঠে আসে। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, আমাদেরকে এ ব্যাপারে আরো কৌশলগত সংলাপ চালিয়ে যেতে হবে। কেরি বলেন, তার দেশের পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার বিষয়ে যথেষ্ট বিশ্বাস রয়েছে। তিনি বলেন, আমরা পাকিস্তানের সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করে যাব। কেরি বলেন, পাকিস্তান একটা দায়িত্বশীল পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। তারা এ ব্যাপারে সংযত নীতিই অবলম্বন করে। ২৪ থেকে ২৫ মার্চ দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৫৩টি দেশ ছাড়াও এতে অংশগ্রহণ করে জাতিসংঘ , ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইন্টারপোল।