নিষিদ্ধ ঘোষিত ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) ভারত অভিযানের বর্তমান প্রধান নেতা তাহসিন আখতার মনুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নেপাল সীমান্তের কাকারভিটার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এসএন শ্রীবাস্তব বলেন,২৩ বছর বয়স্ক আখতারকে নেপাল সীমান্তের কাকারভিটার কাছ থেকে গ্রেফতার করা হয়। সে কাঠমান্ডু থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তবে দিল্লি পুলিশ মঙ্গলবার মনুকে গ্রেফতারের খবর জানালেও ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়েছে, সে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিল একদিন আগেই । বোমা বিশেষজ্ঞ মনু পুলিশ হেফাজতে থাকার খবর সোমবারেই জানায় আইএএনএস। বার্তা সংস্থা রয়টার্স, নেপাল সীমান্ত দিয়ে বিপুল বিস্ফোরকসহ ইন্ডিয়ান মুজাহিদীনের চার নেতা ধরা পড়ার একদিন পর মনুর গ্রেফতারের খবর এলো। বিভিন্ন রাজ্যে দফায়-দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে ওয়ান্টেড তালিকায় ছিল সে।
গত বছর ভারতের মুম্বাইয়ে বিজেপি নেতা ও আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির মিছিলে বোমা হামলার জন্য ইন্ডিয়ান মুজাহিদীনকে (আইএম) দায়ী করা হচ্ছে।
