পশ্চিমবঙ্গের যাদবপুর আসনে লড়াই হবে তৃণমূল-সিপিএমের

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৩
পশ্চিমবঙ্গের যাদবপুরের লোকসভা আসনে জনপ্রিয় প্রার্থীদের না জেতার ইতিহাস অনেকই রয়েছে। এবারের নির্বাচনে নেতাজী সুবাস বোসের ভাইয়ের নাতি প্রফেসর সুগত বোস তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপাত দৃষ্টিতে তার জয়ের সম্ভাবনা অনেক। তবে ইতিহাস বলছে, জয় পাওয়াটা তার জন্য সহজ হবে না। অন্যদিকে বিরোধী দল সিপিআই (এম) ও কংগ্রেসের দাবি হলো, তাদের কর্মী-সমর্থকদের হয়রানি করছে পুলিশ। অনেক সময় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। মূলত তাদের প্রচারণা দুর্বল করতেই এ কৌশল গ্রহণ করা হচ্ছে। ঠিক ৩০ বছর আগে এই আসনে চমক দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ঐ নির্বাচনে সিপিআই’র হেভিওয়েট প্রার্থী সোমনাথ চ্যাটার্জীকে হারিয়ে দিয়েছিলেন তিনি। পরের বার সিপিআই’র প্রার্থী মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন মমতা। ১৯৯৬ সালে সেই মালিনী ভট্টাচার্য হেরেছিলেন কংগ্রেস প্রার্থী ও সুগতা বোসের মা কৃষ্ণা বোসের কাছে। ২০০৪ সালে এই আসনটি সুজন চ্যাটার্জির মাধ্যমে আবার দখলে নিয়েছিলো সিপিআই। কিন্তু ২০০৯ সালে তা আর ধরে রাখতে পারেননি। এই অনিশ্চয়তার জন্যই সুজন চ্যাটার্জি এবার অনেকটাই আশাবাদী। কারণ তিনি এখানকার স্থানীয় এবং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পার্লামেন্টে এই আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। তার অভিযোগ এখন কর্মী সমর্থকদের হয়রানি করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চান তিনি।