শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। শিশুদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি এখনও তত্পর রয়েছে; তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। গতকাল স্বপ্নফুল আয়োজিত স্বাধীনতা উত্সব-২০১৪ এর আলোচনাসভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, কচিকাঁচার মেলার পরিচালক খন্দকার ইব্রাহীম খালেদ, ‘কিশোর আলো’ সম্পাদক আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সোবহান শিকদারসহ আরও অনেকে।
আমির হোসেন আমু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরই শিশুদের উন্নয়নে চিন্তা করেছিলেন। এজন্যই ৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে তিনি জাতীয়করণ করেন। দুর্নীতির অপকারিতা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, দুর্নীতি ও অপরাধপ্রবণতা আইন করে দূর করা যাবে না। এজন্য শিশুদের মধ্যে মূল্যবোধ তৈরি করতে হবে। আর মূল্যবোধ তৈরি করতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা জরুরি।
ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে বলেন, এ সরকার শিশুদের জন্য নিরাপদ একটি দেশ রেখে যেতে চায়। সুন্দর, যানজটমুক্ত ঢাকা গড়ে তোলাও এ সরকারের স্বপ্ন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে কাজ করেই প্রমাণ করতে হবে যে, আমাদের স্বপ্ন শিশুবান্ধব। আলোচনা শেষে বিভিন্ন সংগঠনের শিশুরা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা উপস্থাপন করে।
