বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:৩০
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পত্নী রাশিদা খানম দেশের ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদও অনুষ্ঠানে যোগদেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও স্বাধীনতা ও জাতীয় দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রিগণ, কূটনীতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনীতিক, জাতীয় অধ্যাপক, সম্পাদক, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিল্পী ও বিশিষ্ট নাগরিক অনুষ্ঠানে যোগদেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে কেক কাটেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সম্ভাব্য সকল প্রকার সহায়তা দেয়ার আশ্বাস দেন। বিশিষ্ট শিল্পী শাকিলা জাফর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, রফিকুল আলম, ফকির আলমগীর এবং চন্দনা মজুমদার দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।