আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ লোহার রডসহ ছাত্রলীগের ২ কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে। জেলা স্টেডিয়ামে গতকাল বুধবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে গতকাল সকালে জেলা স্টেডিয়ামের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজারমাঠ এলাকার ছাত্রলীগের কর্মীদের সঙ্গে মেম্বারপাড়া, বালাঘাটা এবং তিন নম্বর এলাকার ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে জুয়েল, মারুফসহ ৬ জন আহত হয়েছেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের ২ গ্রুপের নেতা-কর্মীরা লোহার রড, হকি স্টিক ও লাঠি নিয়ে স্টেডিয়াম এলাকায় মহড়া দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আশু ও জুনায়েদ নামে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় বলেন, সংঘর্ষে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয়। ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কারো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, স্টেডিয়ামের বাইরে বাকবিতণ্ডার সূত্র ধরে ২ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
