বিশেষ দরবারে র্যাব মহাপরিচালক

প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে কাজ করুন

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:৩২
র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, ‘ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে অপরাধ দমনে দায়িত্ব পালন করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন র্যাব সদস্যদের দ্বারা হয়রানির শিকার কিংবা র্যাব সদস্যদের কারণে মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’ গতকাল বুধবার র্যাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে তিনি র্যাব সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন আহমেদসহ সদর দফতরের সব উইং-এর পরিচালক, ঢাকার সব ব্যাটালিয়নের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। চলতি বছর র্যাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল প্রথমদিন সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহাপরিচালকের বিশেষ দরবার শুরু হয়। র্যাবের তিন দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচিতে আরও রয়েছে- র্যাব ব্যাটালিয়ন অধিনায়কদের বিশেষ সম্মেলন, আত্মত্যাগকারী সদস্যদের পরিবারকে সম্মানী প্রদান, সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।