সামুদ্রিক এই পাখি

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:১৬
উত্তাল সমুদ্র। প্রবল গর্জনে ঢেউ ভাঙছে অবিরাম। জাহাজের পেছনে দাঁড়িয়ে দেখি উড়ছে একঝাঁক সাদাডানার সমুদ্র-পাখি, যেন পতঙ্গেরা অগ্নি-অনুসারী —এই জাহাজ ওদের অগ্নিলোকালয়। না জেনে না বুঝে শত শত মাইল পাড়ি দিয়ে এই সি-গালেরা চলছে ঢেউয়ের নেশা পেয়ে লোকালয়ে যখন পৌঁছোবে, দেখবে শিকারিরা প্রস্তুত গুলিতে ঝাঁঝরা বুক, সাদাডানা গোধূলির আগুনের আভা এমন সুন্দর আর নৃশংসতার বৈপরীত্যে কতবার দেখে দেখে মনে হলো তোমারও নিয়তি এই, তুমি নও সমুদ্রনেশায় মত্ত জাহাজের অনুসারী; তুমি সাধারণ তা-ও কখনো বলি না। তুমি কল্পনায় পাখি। তোমার নিয়তি যেন কবি কিংবা প্রেমেপড়া বিহবল সত্তার শুভ্র মেঘমালা ছিল তোমার ঠিকানা সেই তুমি স্নিগ্ধতার নিজস্ব ঠিকানা ছেড়ে তোমার ঠিকানা যেন নিষ্ঠুর লোকালয়ে তপ্ত শিখা বুক ভেদ করে মুছে দিল স্বপ্ন। তোমার জন্যই এই শোকগাথা লিখে রাখি, অথবা নিজের কখন যে পাখি হয়ে সমুদ্রে গিয়েছে মন জলের কল্লোলে।