রক্ত ছাড়া যুদ্ধ হয় না
যুদ্ধ ছাড়া জয়ের অস্তিত্ব নেই
এ দুর্লভ অভিজ্ঞতা কে দিয়েছে?
একাত্তর, দগ্ধ একাত্তর।
আগুন ক্রোধের তীব্র আঁচে
হানাদার বাহিনী পরাস্ত
জনযুদ্ধ তৃণমূলে ব্যাপ্ত প্রসারিত
সাধারণ মানুষও সম্পৃক্ত এই
অস্তিত্ব রক্ষার মর্মে দুর্ধর্ষ লড়াইয়ে
এই শিক্ষা কখন পেয়েছি
একাত্তরে, পরম আরাধ্য প্রিয়
অগ্নিক্ষরা একাত্তরে;
জ্বলন্ত জাগর সেই ইতিহাস
রক্তভেজা মুক্তি-মাঙ্গলিক
একাত্তর, বিস্মৃতির ধুলো কোনোদিনই
তোমার নৈকট্যে যেতে
অস্তিত্বের ইতিহাস ঢেকে দিতে
পারেনি ও পারবে না কোনোদিনই সেই সত্য জেনো...
