বিভক্তি ঘোচাতে আগ্রহী নেতারা

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৭
অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দূর করে একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন আরব লীগ নেতারা। বুধবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অনুপস্থিতিতেই আরব বিশ্বের ২২টি দেশ নিয়ে গঠিত এই জোটের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন শেষ হয়। প্রায় তিন বছরের গৃহযুদ্ধে নাকাল সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে সাধারণ জনগণ হত্যার নিন্দা জানান হয় সম্মেলন থেকে। সম্মেলনের শেষে ঘোষণাপত্র পাঠ করেন কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খালেদ আল জারাল্লা। এতে তিনি বলেন, “বিভক্তি আর অনৈক্যের অবসানে আমরা একসঙ্গে কাজ করা শপথ নিয়েছি।” সিরিয়ার গৃহযুদ্ধ, মিশরে ক্ষমতার পালাবদল এবং ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন নিয়ে আরব দেশগুলোর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে। অধিকাংশ আরব দেশ ব্রাদারহুডকে প্রত্যাখ্যান করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও কাতার বিপরীত অবস্থানে রয়েছে। তিন সপ্তাহ আগে ব্রাদারহুড বিষয়ে কাতারের বিপরীত অবস্থানের প্রতিবাদে দোহা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এছাড়া সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের প্রশাসনের বিরুদ্ধে চলা বিদ্রোহ নিয়েও মতবিরোধ রয়েছে আরব দেশগুলোর মধ্যে। সৌদি আরব ও কাতার সিরিয়ার বিদ্রোহীদেরকে সমর্থন করলেও কয়েকটি আরব দেশ আসাদকে সমর্থন দেয়ার পক্ষে। তবে সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়, “সিরিয়ায় নিরস্ত্র জনগণের ওপর চালানো আসাদ বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র-কঠোর ভাষায় নিন্দা করছি।” “জেনেভার-১ ঘোষণা অনুযায়ী সিরিয়ায় সঙ্কট সমাধানে একটি রাজনৈতিক মীমাংসার জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি।”