এক ফ্রেমে তারা যেন এক বাংলাদেশ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৫৪
তারা এক সাথে এক ফ্রেমে যেন হয়ে গেলেন বাংলাদেশের পতাকা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীতে এই বিশ্ব রেকর্ড গড়ার কাজে অংশ নিয়েছিলেন দেশের প্রায় সকল কণ্ঠশিল্পীসহ সর্বস্তরের মানুষেরা। অভিনেতা আফজাল হোসেন লাল রঙের পাঞ্জাবি তো ফেরদৌসের গায়ে সবুজ। ফাহমিদা নবীর সবুজ শাড়ির পাশে শুভ্রদেবের লাল পাঞ্জাবি। এমন সাজে গত ২৬ মার্চ সমস্ত বাঙালির কণ্ঠে জাতীয় সংগীতের মহা আয়োজন ছিল। এ ধরনের আয়োজনে অংশগ্রহণ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমাকে এক অন্যরকম আনন্দ জুগিয়েছে। কারণ এভাবে উত্সবের রঙে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন তো এর আগে হয়নি। নিজেকে এর সাথে সম্পৃক্ত রাখতে পেরে দারুণ লাগছে। অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘এ এক অভূতপূর্ব সম্মিলন। আগামী প্রজন্মের জন্যই এই আয়োজন। আমি মনে করি মহান এই দিবসগুলো ঘিরে নিয়মিতভাবে আরও ভিন্ন ভিন্নভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে।’ এভাবেই দিনব্যাপী আড্ডা আর গানে স্বাধীনতা দিবস কাটালেন তারকারা। নিজেদের সম্পৃক্ত রাখলেন দেশপ্রেমের এই অমূল্য ঐকতানে। কণ্ঠশিল্পী শুভ্রদেব বলেন, ‘এটা আমাদের প্রাণের স্পন্দন জাগানোর মেলা। আগামী প্রজন্ম এটাকে আরও মহাসমুদ্রে পরিণত করবে। আরও ভিন্ন ডিজাইনে সাজাবে। এটা তার শুরু মাত্র।’ উল্লেখ্য, টানা কয়েকদিন শিল্পীরা এই আয়োজনকে সার্থক রাখার জন্য রিহার্সেলের ভেতরেই সময় কাটান।