আজ থেকে শুরু হচ্ছে নাট্যাভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক খোঁজার প্রথম রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’-এর অডিশন পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে পুরো আয়োজনে আগ্রহী প্রতিযোগীদের রেজিস্ট্রেশন পর্ব। আয়োজক প্রতিষ্ঠান ব্যাকড্রপ লি. ও এটিএন বাংলার সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অডিশন রাউন্ডের উদ্বোধন হবে। উদ্বোধন শেষে দিনব্যাপী চলবে ঢাকা অঞ্চলের অডিশন পর্ব। ঢাকা অঞ্চলের প্রতিযোগীদের অডিশন চলবে ৪ মার্চ পর্যন্ত। ঢাকা অঞ্চলের অডিশন পর্ব শেষে পর্যায়ক্রমে চলবে দেশের বিভিন্ন অঞ্চলের অডিশন। যার সময়সূচি ও স্থান নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আনজাম মাসুদ বলেন, ‘এ দেশের নাটককে আরও বেশি মানসম্মত ও দর্শকগ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ভিন্ন উদ্যোগ। নির্মাতা সংকট, শিল্পী সংকটসহ নানা ধরনের যেসব সংকট রয়েছে, এসব দূর করাও এর উদ্দেশ্য। আজ থেকে এর অডিশন রাউন্ড শুরু হলো।’
