পদ্মায় নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার ও কালীগঞ্জে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যুসহ পৃথক ঘটনায় দেশের বিভিন্ন স্থানে চারজনের মৃত্যু হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পদ্মায় নিখোঁজ স্পীডবোট
যাত্রীর লাশ উদ্ধার
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে স্পীডবোট দুর্ঘটনায় নিহত মনিরুলের লাশ গত বুধবার পদ্মা নদী থেকে উদ্ধার করেছে স্বজনরা। গত সোমবার সন্ধ্যায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাঝিকান্দির কাছে পদ্মার হাজরা চ্যানেলে দু’টি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে মনিরুল পদ্মায় ডুবে নিখোঁজ হন। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলার কালমা গ্রামে।
কালীগঞ্জে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে গত বুধবার দুপুরে শিমু আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। ঘটনার দিন কালীগঞ্জ মসলিন কটন মিল্স লি. শীতলক্ষ্যা নদীর ঘাটে মায়ের সাথে কাপড় কাচা শেষে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে গতকাল বৃহস্পতিবার রিমা খাতুন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দোহারে পদ্মায় ডুবে একজনের মৃত্যু
ঢাকার দোহার উপজেলায় নারিসা পদ্মার পাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুমন (১৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।
