প্রচারণায় উত্সবমুখর ছাগলনাইয়া

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২১:৫৩
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্সবমুখর প্রচারণা লক্ষ্য করা গেলেও ফেনীর অপরাপর উপজেলা নির্বাচনে সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডবলীলা ও ভোট ডাকাতির ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক কাটছে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ আসন ফেনী-১-এর এই উপজেলাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত নির্বাচনে এখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌর মেয়র ও ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। বাকী ২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হয়। সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই উপজেলায় ভোটগ্রহণ না হওয়ায় স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে সবার আগ্রহ বেশি। ভোটাররা কেন্দ্রে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। দলীয় পরিচয়ে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও দল সমর্থিত প্রার্থী হওয়ায় দলীয় নির্বাচনে রূপ নিয়েছে। আগামী ৩১ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।