কোচিং বাণিজ্য চলছে কেন?

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:০৩
বর্তমান সরকার স্কুলে কোচিং না করার জন্য নির্দেশ দিয়েছে। কোচিং বন্ধ করার জন্য আইনও করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অনেক স্কুলে এই আইনকে অমান্য করে কোচিং বাণিজ্য করছেন। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদের স্কুলে কোচিং করতে বাধ্য করেন। কোচিং না করলে পরীক্ষায় ফেল করানো ও মারের ভয় পর্যন্ত দেখানো হয়। এতে অভিভাবকরা ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে সন্তানদের স্কুলে কোচিং করান। অনেক পরিবারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়ে আছে। তারাই ছোট ভাইবোনদের পড়াতে পারে। কিন্তু স্কুলে কোচিং করাতে অভিভাবকদের অনর্থক বাড়তি খরচ করতে হয়। আমাদের দেশের অধিকাংশ অভিভাবক দরিদ্র। অনেকের পক্ষেই স্কুলের বেতন দেয়ার পর কোচিং ফি দিতে খুবই কষ্ট হয়। আমরা এর অবসান চাই। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই। শামসুর রহমান, মিরপুর, ঢাকা