‘যেখানেই আছে মানব সমাজের অস্তিত্ব; সেখানেই ফুটে ওঠে অদৃশ্য শিল্প ভাবনার প্রকাশ।’ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার কৃতী নাট্যকার ‘ব্রেট বেইলি’ তার বাণীতে এ কথাই বলেছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব নাট্য দিবস-২০১৪।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশনে ও পথনাটক পরিষদ সম্মিলিতভাবে দিনটি উদযাপন করে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, প্রীতি সম্মিলনী, স্মারক বক্তৃতা, নাচ, অ্যাক্রোবেটিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি—আমার স্বচ্ছতা’ শ্লোগান নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনীর আয়োজন করে।
বর্ণাঢ্যময় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নাট্য দিবসের অনুষ্ঠানমালা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রাটি। দেশের সব নাট্যদলের সদস্যরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। নাট্যকর্মীরা এ সময় বিভিন্ন নাটকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, শিশু একাডেমি-হাইকোর্ট মোড়, জাতীয় প্রেসক্লাব, প্রেসক্লাব থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। অগ্রভাগে ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন কেরামত মওলা, এসএম মহসিন, সংস্কৃতজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
শোভাযাত্রা শেষে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে বসে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী। যেখানে ঢাকা ও ঢাকার বাইরের নাট্যকর্মীরা অংশ নেন। এ বছর বিশ্ব নাট্যদিবস সম্মাননায় ভূষিত করা হয় বরেণ্য শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানকে।
টিআইবির নাট্য প্রদর্শনী : ‘প্রিয় স্বদেশ প্রিয় সংস্কৃতি—আমার সত্তা, আমার স্বচ্ছতা’ শ্লে¬াগান নিয়ে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে সাংস্কৃতিক ও নাট্য প্রদর্শনীর আয়োজন করে।
টিআইবির ঢাকা ইয়েস নাট্যদলের নিজস্ব প্রযোজনা ‘জবানবন্দি’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান।
উদীচীর গণসঙ্গীত উত্সব আজ শুরু : ‘অসুর বিনাশী সুরের আগুন, ছড়িয়ে দাও সবখানে’ শ্লোগান নিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে উদীচী আয়োজিত ‘সত্যেন সেন গণসঙ্গীত উত্সব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ২০১৪’। সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে এই উত্সবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উদীচী তাদের নিজস্ব কার্যালয়ে এই উপলক্ষে সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
‘চাক ভাঙ্গা মধু’ মঞ্চস্থ : আরতি থিয়েটারের নতুন পথচলা শুরু উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে মঞ্চস্থ করে মনোজ মিত্র রচিত ও মোহাম্মাদুল¬াহ নান্টু ও রেজওয়ান আয়ুব সম্রাট পরিচালিত নাটক ‘চাক ভাঙ্গা মধু’। অভিনয় করেন দেবাশীষ, আকবর, নান্টু, রাত্রি, মুক্তি, সিফাত, ইশতিয়াক, শুভ, সোহাগ, রায়হান প্রমুখ। এই নাটকটিই আরতি থিয়েটারের প্রথম প্রযোজনা।
