শাহ আমানতে ফের পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:২৬
মাত্র দু’দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবার অবৈধ স্বর্ণের চালান ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজের (বিজি-০৪৮) তিন যাত্রীর দেহ তল্লাশি করে ৬ কেজি ৩০০ গ্রাম ওজনের ৫৪টি স্বর্ণের বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানান চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল। এ ঘটনায় বিমানের ৩ যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলেন মো. রিয়াজউদ্দিন রানা, মো. ওসমান গণি ও মো. আইয়ুব। এদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় এবং তৃতীয়জনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। উদ্ধার করা স্বর্ণ গতকালই বাংলাদেশ ব্যাংকের স্থানীয় শাখার ভল্টে জমা দেয়া হয়েছে বলে কাস্টমসসূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহাবউদ্দিন ইত্তেফাককে জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধভাবে আনা স্বর্ণের বৃহত্তম চালান ধরা পড়ে। দুবাই থেকে আসা উড়োজাহাজে নিয়মিত তল্লাশীকালে কয়েক যাত্রীর সিটের তলা থেকে ১০৫ কেজি ওজনের ৯০৫টি স্বর্ণ বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় বিমানের ৭ যাত্রীসহ ১০ জনকে আটক করা হয়। আটক এক যাত্রীর স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে একটি টেবিলের ড্রয়ার থেকে আরো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ১০ যাত্রীকে অভিযুক্ত করে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়। গত বুধবার আটক ব্যক্তিদের আদালতে উপস্থিত করে ৭ দিন করে রিমান্ড প্রার্থনা করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে আদালত বিমানের ৭ যাত্রীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সন্দেহজনকভাবে আটক ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল গতকাল ইত্তেফাককে জানান, গতকাল পর্যন্ত গত ৩ মাসে শাহ আমানত বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণের ৫০টি চালান ধরা পড়েছে। এসব চালানে উদ্ধার করা হয় ২৫৩ কেজি ৫৯ গ্রাম সমপরিমাণ ২ হাজার ১৯৬টি স্বর্ণের বার। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১০৭ কোটি ৫১ লাখ টাকা। অবৈধভাবে স্বর্ণ আমদানির দায়ে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।