৬টি জেলার ৭টি উপজেলার স্থগিত ১৪টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার পুনঃভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা, জাল ভোট, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই হওয়ার ঘটনায় স্থগিত কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্র স্থগিত রাখায় তিনটি উপজেলার চেয়ারম্যান এবং অন্যান্য উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ছিল। চেয়ারম্যান পদের মধ্যে বরিশালের হিজলায় ও চাঁদপুরের হাজীগঞ্জে জিতেছে ক্ষমতাসীন সমর্থিত প্রার্থীরা। আর ময়মনসিংহের মুক্তাগাছায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এ নিয়ে চার ধাপে অনুষ্ঠিত ৩৮২টি উপজেলার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ জিতলো ১৭৮টি, বিএনপি ১৪৯টি, জামায়াতে ইসলামী ৩২টি এবং অন্যান্য ২৩টিতে।
বরিশাল অফিস জানায়, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত তিনটি কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ টিপুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে সুলতান মাহমুদ সিকদার টিপু পেয়েছেন ১৩ হাজার ৮৭৫ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপি’র দেওয়ান মোঃ শহিদুল্লাহ পেয়েছেন ৮ হাজার ২৮২ ভোট। মোট ৩০টি কেন্দ্রের মধ্যে গতকাল বৃহস্পতিবার যে ৩টি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে তাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টিপু সিকদার পেয়েছেন ৬ হাজার ৭০২ ভোট। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী গাফফার তালুকদার পেয়েছেন ৭৭ ভোট ও বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান শহীদুল্লাহ পেয়েছেন মাত্র ১৭ ভোট। এর আগে গতকাল ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে সকাল সাড়ে ১১টায় নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মোঃ শহিদ উল্লাহ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূরুল আলম রাজু। এছাড়া ভোট ডাকাতির প্রতিবাদে আগামী রবিবার হিজলায় সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান জানিয়েছে স্থানীয় বিএনপি।
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রের ভোট শেষে চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আঃ রশিদ মজুমদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্র্রার্থী পারভীন ইসলাম বিজয়ী হয়েছেন।
হাজীগঞ্জ উপজেলায় স্থগিত দুই কেন্দ্রসহ ৭৯ কেন্দ্রে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আঃ রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৯৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৭’শ ২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত দুই কেন্দ্রসহ ৭৯ কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কলস প্রতীকে পারভীন ইসলাম পেয়েছেন ৫২ হাজার ৯৪৩ ভোট। প্রজাপতি প্রতীকে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি পেয়েছেন ৫১ হাজার ১’শ ৯৮ভোট। এখানে রাবেয়া আক্তার ১হাজার ১৯৫ ভোটে এগিয়ে থাকলেও স্থগিত দুই কেন্দ্রে ৩ হাজার ৫৮২ ভোট পায় আওয়ামী সমর্থিত প্রার্থী পারভীন ইসলাম। ফলে কলস প্রতীকে পারভীন ইসলাম ১ হাজার ৭৪৫ ভোটে জয়ী হয়েছেন।
ময়মনসিংহ ও মুক্তাগাছা সংবাদদাতা জানান, মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণশেষে চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জাকারিয়া হারুন (আনারস প্রতীক) ৮০ হাজার ৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । ভাইস চেয়ারম্যান পদেও একই দল সমর্থিত ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান (হাঁস) নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন সরকার (ঘোড়া) , ভাইস চেয়ারম্যান মো: তারেক (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান রুমী দাস (ফুটবল) ।
তিতাসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী
কুমিল্লা প্রতিনিধি জানান, তিতাসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহিনুল ইসলাম সোহেল শিকদার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্থগিত একটি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মো. শাহিনুল ইসলাম সোহেল শিকদার (মাইক) পেয়েছেন ১৯ হাজার ৫২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ছবির হোসেন পেয়েছেন ১৫ হাজার ৪৫৩ ভোট।
কুলিয়ারচরে বিজয়ী বিএনপি সমর্থিত প্রার্থী
কিশোরগঞ্জের কুলিয়ারচর সংবাদদাতা জানান, কুলিয়ারচর উপজেলা নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রে ভোটগ্রহণশেষে চূড়ান্তভাবে বিএনপি সমর্থিত প্রার্থী মেসবাহউদ্দিন (টিউবওয়েল) মোট ৩৫ হাজার ২৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নূর ই আলম (চশমা) ৩৪ হাজার ২০৫ ভোট পেয়েছেন।
গৌরিপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয়ী
ময়মনসিংহ প্রতিনিধি ও গৌরিপুর সংবাদদাতা জানান, গৌরিপুর উপজেলার স্থগিত ৩টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সানাউল হক। তিনি পেয়েছেন ৪৫ হাজার ২৮৪ ভোট। নিকটতম বিএনপি’র জিয়াইল আবেদীন জিলু পেয়েছেন ৩৯ হাজার ৯১২ ভোট।
