টাঙ্গাইল-৮ আসনে কাল ভোট

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:৫৮
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচন আগামীকাল শনিবার। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শেষ হয়েছে সব ধরনের প্রচারণা। প্রচারণার শেষ দিনেও প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। সখীপুর-বাসাইলের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগে ব্যস্ত ছিলেন। এদিকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় এক হাজার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ডসহ (বিজিবি), র্যাব, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টি-জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ), মুহম্মাদ আবু সাইদ মিয়া (আনারস) ও ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)। প্রচারণার শেষ দিনেও দু’টি উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ইতিমধ্যেই আমার নেতা-কর্মীদের হুমকি, মারধর ও প্রচারণার গাড়ি ভাঙচুর করেছে। তিনি নির্বাচনে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করেছেন। নির্বাচনে সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞার কর্মীদের ওপর হামলা করে প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় চারজন আহত হন। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।