মোদীর জনসভার আগে গয়ায় মাওবাদী হামলা

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:৫৯
বিহারের গয়ায় ভারতীয় জনতার পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভার আগে হামলা চালিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। তারা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে দুটি মোবাইল ফোনের টাওয়ার। এর আগে গয়ায় বনেধর ডাকও দেয় তারা। তারই মধ্যে দুপুরে ছিল মোদীর জনসভা। কিন্তু জনসভার আগে নাশকতা চালায় মাওবাদীরা। এর আগে পাটনায় মোদীর সভাস্থলে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। গয়ার পুলিশ সুপার নিশান্ত তিওয়ারি জানান, মানঝুলি ও দুমারিয়া বাজার গ্রামে শতাধিক মাওবাদী জমায়েত হয়ে একটি বেসরকারি কোম্পানির দুটি মোবাইল টাওয়ার বিস্ফোরণে উড়িয়ে দেয়। তারা সেখানে আরো হামলা চালানোর হুমকি দিয়ে লিফলেট ছড়িয়ে দেয়। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে জনগণ যেন ভোট দিতে না যায় সেই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এসব লিফলেটে। এছাড়া নির্বাচনী জনসভায় অংশ নিলে পরিণতি ভালো হবে না এমন হুমকি দিয়ে ঘটনাস্থলে কয়েক কেজি ওজনের তাজা বোমাও রেখে যায় তারা । এই ঘটনায় মোদীর জনসভা এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিহার পুলিশের ডিজি অভয়ানন্দ বলেন, গয়া ও সাসারামে মোদীর জনসভা রয়েছে। মোদীর জীবনের উপর যাতে কোনো ঝুঁকি তৈরী না হয় সেজন্য আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিজেপি নেতার কোনো জনসভা থাকলে সাদা পোশাকে প্রচুর পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, মোদীকে রুখতে দেশের অভ্যন্তরে যেমন নানা শক্তি সক্রিয়, তেমনই বাইরের শক্তিও তত্পর হয়ে উঠেছে। দু’দিন আগেই পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত থেকে দিল্লি পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করে ইন্ডিয়ান মুজাহিদিনের নেতা তেহসিন আখতারকে। তিনি বারাণসীতে নাশকতা চালানোর ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি পুলিশের। ইন্ডিয়ান মুজাহিদিনের আরেক কর্মী জিয়াউর রহমান ওরফে ওয়াকাসকে আজমির থেকে ইতিমধ্যে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। দেশ জুড়ে নানা জায়গা থেকে মোদীর ওপর সম্ভাব্য হামলাকারীরা গ্রেফতার হওয়ায় নড়েচড়ে বসতে হচ্ছে ভারতের পুলিশকে।