পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া ও শ্রীরামপুর আসনে জিততে পারে তৃণমূল

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:০০
পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে অনেক সেলিব্রেটি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আছেন ফুটবলার, অভিনেতা, গায়কও। তবে এসব প্রার্থীদের মধ্যে কেউই সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মতো জনপ্রিয় নন। যিনি এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হুগলির শ্রীরামপুর আসন থেকে লড়তে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাপ্পি লাহিড়ী। নির্বাচনের নির্দেশনার জন্য স্থানীয় বিজেপি নেতাকর্মীদের উপরই নির্ভর করছেন তিনি। আগামী ৩০ এপ্রিল এই আসনে নির্বাচন হবে। এই আসনে অবাঙালিদের ভোট পেতে পারেন লাহিড়ী। তবে মুসলিম ভোট তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যেতে পারে। তবে ভালো কাজ করার জেরেই এবারের লোকসভার নির্বাচনে শ্রীরামপুরে জিততে পারে তৃণমূল এমপিরা। বর্তমান এমপি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পুনর্নির্বাচিত হতে প্রচারণা শুরু করে দিয়েছেন। গত নির্বাচনে ১ লাখের মতো বিশাল ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। এ আসনে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের ইতিবাচক ইমেজ আছে। তার প্রতিদ্বন্দ্বিতার কারণে এবার বন্দ্যোপাধ্যায়ের ভোট কমবে। তবে তৃণমূলের সমর্থকরা মনে করছেন তারা কিছু কম ভোটে হলেও এবারের নির্বাচনে জয় পাবে। কারণ বর্তমান এমপি এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। যে কারণে তৃণমূলের প্রার্থীর জয়ের সম্ভাবনা অনেক। তবে কোনঠাসা অবস্থায় আছেন সিপিআই এমের প্রার্থী তীর্থাঙ্কর রায়। শ্রীরামপুরের মতো হাওড়ার উলুবেড়িয়া আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি। বর্তমান এমপি সুলতান আহমেদ এ আসন থেকে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। ২০০৯ সালে তিনি সিপিআই এমের নেতা হান্নান মোল্লাকে পরাজিত করেছিলেন তিনি। গত নির্বাচনে তিনি প্রায় ৯৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। স্কুল, রাস্তা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। স্থানীয়দের দাবি, তিনি এবারের নির্বাচনেও বড় জয় পাবেন।