গতকাল বৃহস্পতিবার বগুড়ার সোনাতলায় ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষে ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সোনাতলা উপজেলার গড় চৈতন্যপুর গ্রামের নায়েব আলী (৪৫) একই গ্রামের সারোয়ার জাহান (৪৫), কাবিলপুর গ্রামের ভটভটি চালক আলমগীর হোসেন আলম (৪০) ও একই গ্রামের আবু তাহের (৪৫)। নিহত ও আহতরা সকলেই গরু ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভেলুরপাড়া রেলস্টেশনের উত্তর গেট রেলক্রসিং পার হওয়ার সময় ভটভটির সাথে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ভটভটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যায় এবং ৩ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সারোয়ার জাহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় দুলু শেখ (৩৫) এবং আব্দুর রাজ্জাককে (৩৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
