বাউবি’র এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৩ শতাংশ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:০৯
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১২ সালের এসএসসি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৯৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৫০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল প্রকাশ করেন। তথ্য অনুযায়ী, বাউবিতে ২০১২ সালের এসএসসি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৬১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৭৭৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮ ও ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ জন ও জিপিএ-৪ পেয়েছে ৩ হাজার ৫৬১ জন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করাই বাউবি’র উদ্দেশ্য। সমাজের ঝরে পড়া, পেশায় কর্মরত, অধিক বয়স্কসহ নানা ধরনের পিছিয়ে পড়া শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তিনি বলেন, গত জোট সরকারের আমলে এ প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ভেঙ্গে ফেলা হয়েছিল। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার সাথে সাথে সেশন জট কমিয়ে এনেছি। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। উল্লে¬খ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩২টি প্রোগ্রামে মোট ৫ লাখ ৭০ হাজার ২০১ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।