পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের শাহাপুর ধনতলা মোড়ে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় বখাটেরা। বুধবারের এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পবা থানায় মামলা হয়েছে। তবে পুলিশ আসামিদের ধরতে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে পবা উপজেলার সরিষাকুড়ি দিঘীপাড়া এলাকার অমির উদ্দিনের মেয়ে রিমা তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শাহাপুর ধনতলা মোড় নামক স্থানে স্থানীয় বখাটে ও মাদক ব্যবসায়ীরা তাদের আটক করে। এসময় রিমার স্বামীকে ব্যাপক মারধর করে রিমাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার পর থেকে রিমা ও তার স্বামী নিখোঁজ।
হুজুরিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তিনি পবা থানার ওসি আকবর হোসেনকে ঘটনাটি জানান। কিন্তু ওসি কোনো ব্যবস্থা নেয়নি। থানায় মামলা রেকর্ডের আগেই আসামিরা এজাহার দাখিলের ঘটনা জেনে যায় এবং রিমার পরিবারকে হুমকি দেয়। এরপর চেয়ারম্যান গোলাম মোস্তফা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ইউএনও’র পরামর্শ অনুযায়ী শুক্রবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ আকারে তুলে ধরবেন বলে জানা গেছে।
তবে ওসি আকবর হোসেন উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবারে থানায় অপহরণ মামলা আকারে রেকর্ড হয়েছে। মামলায় হুজুরিপাড়া সাবেক ইউপি মেম্বারের ছেলে মুকুল, আরেক ছেলে বাবু ও ছেলের স্ত্রী কাজল রেখাকে আসামি করা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মুকুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় এবং আদালতে একাধিক মামলা রয়েছে। গ্রাম আদালতে সে একাধিকবার শাস্তিও পেয়েছে। একাধিক মেয়ের শ্লীলতাহানিও করেছে। পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি ফোনে জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
