জেলার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন স্থানীয় দুইশ মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা জাতীয় দিবসের কর্মসূচিতে স্থানীয় পর্যায় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ (জাতীয় সঙ্গীত পরিবেশন) কর্মসূচি অন্তর্ভুক্ত না করার অভিযোগে ইউএনও মোহাম্মদ সফিউল আলমের অপসারণ দাবি করেন তারা।
গত বুধবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ পরিবেশনের বিষয়টি দাবি জানানো হলেও রহস্যজনক কারণে তা বাতিল করায় মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদ মিছিল করেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ইউএনও অপসারণের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ কর্মসূচি পালন করেন। আগামী রবিবার আবার এ ধর্মঘট পালন করা হবে।
অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন, উপজেলা কমান্ডার ছদ্দু মিয়া, মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন, আব্দুল কদ্দুছ, আব্দুর রহিম প্রমুখ।
