২৯ মার্চ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সাদেক সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে বাসাইল উপজেলার বেশ কয়েকটি এলাকায় সমাবেশ করেছেন। সাদেক সিদ্দিকী বলেন, নির্বাচনে কোন প্রকার কারচুপির অথবা পেশীশক্তির আশ্রয় নিলে এর পরিণাম ভয়াবহ হবে। তিনি আরো বলেন, প্রতিদিন প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে; কিন্তু নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি আবারো আইন-শৃংখলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তিনি বাসাইল উপজেলার কাশিল, বটতলা, বিয়ালা, বাথুলী, ময়থা, হাবলা, টেংগুড়িয়া পাড়া, পাটঠাগুড়ী, কাঞ্চনপুর, কলিয়া, কাউলজানী, ডুমনীবাড়ী, বার্থা, সুন্না এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫টি সমাবেশে বক্তব্য রাখেন। এসময় শতাধিক বাইসাইকেল ও মোটর সাইকেলের বহর নিয়ে তার সঙ্গে ছিলেন জেপি নেতা আইউব আলী পাঠান, আহমদ আলী খান, শরিফুল ইসলাম খান, ছানোয়ার হোসেন, ঝাণ্ডা চাকলাদার, শাহিন শিকদার, আঁখি মনিসহ নেতাকর্মীরা।
