মমতাকে ঠেকাতে বিজেপির নয়া কৌশল

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:১৬
সর্বভারতীয় রাজনীতিতে মমতার তৃতীয় শক্তি হওয়া ঠেকাতে ভোট কেটে পশ্চিমবঙ্গের অন্তত ৫ আসনে তৃণমূল কংগ্রেসের পথের কাঁটা হতে চলেছে বিজেপি। যা তৃণমূলের ভারতীয় রাজনীতিতে তৃতীয় শক্তি হওয়ার পথে অন্তরায় হতে পারে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ১৯ আসনে জিতেছিল তৃণমূল। যা তাদের আসনের নিরিখে ভারতীয় রাজনীতিতে ৫ম বৃহত্তম শক্তিতে পরিনত করেছিল। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবঙ্গের অন্তত ৩৮টি লোকসভা আসনে তৃণমূল এগিয়েছিল। যা ভারতীয় রাজনীতিতে তৃতীয় শক্তি হওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাব্যঞ্জক ছিল। কিন্তু ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ফলে দেখা গেছে তৃণমূলের শক্তি কিছুটা হলেও কমেছে। তারপরও তারা অন্তত ৩০ থেকে ৩২টি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের এক মাস আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আশাবাদী ৩০টি জয়ের বিষয়ে। এটা হলেও সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল তৃতীয় শক্তি হওয়ার অন্যতম বড় দাবিদার হতে পারে। কারণ সিপিএম আগের ক্ষমতায় নেই। উত্তরপ্রদেশের দুই বৃহত্ দল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি যে পরিস্থিতে রয়েছে তাতে তাদের কারোর-ই ২০ থেকে ২২টার বেশি আসন পাওয়ার মত পরিস্থিতে নেই। বিজেপিও এককভাবে ক্ষমতা দখলের মত পরিস্থিতিতে নেই। এই অবস্থায় পশ্চিমবঙ্গের হাওড়া, কৃষ্ণনগর, দমদম, শ্রীরামপুর এবং উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি নামী প্রার্থী দিয়ে তৃণমূলের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাওড়ায় উপ-নির্বাচনে তৃণমূল জিতেছিল ২৭ হাজার ভোটে। বিজেপি সেবার প্রার্থী দেয়নি। এই কেন্দ্রে বিজেপির ৮০ হাজার ভোট রয়েছে। উত্তর কলকাতা কেন্দ্রে লড়াই চতুর্মুখী। এখানে সিপিএম ছাড়াও তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূলেরই সাবেক এমপি, বর্তমানে কংগ্রেসের নেতা সোমেন মিত্র। সংকট বাড়াতে এখানে বিজেপি প্রার্থী করেছে দলের রাজ্য সভাপতি রাহুল সিনহাকে। চতুর্মুখী এই লড়াইয়ে আসনটি তৃণমূলের হাতছাড়া হওয়ার আশংকা রয়েছে। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী করেছে বাপ্পি লাহিড়িকে। ফলে এখানেও তৃণমূলকে যথেষ্ট বেগ পেতে হবে। কৃষ্ণনগর বিজেপি বরাবর ভালো করে। মোদী হওয়ায় তৃণমূলের তাপস পাল এখানে সংকটমুক্ত নন। দমদমে তৃণমূলের কঠিন লড়াই পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং বিজেপির সাবেক এমপি তপন সিকদারের সঙ্গে। এছাড়াও ব্যারাকপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং আসনে তণমূলকে তারা কঠিন লড়াইয়ে ফেলবে।