নারায়ণগঞ্জে এক পরিবারের চারজন দগ্ধ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:১৭
সদর উপজেলার ফতুল্লায় আগুনে পুড়ে একই পরিবারের চার জন মারাত্মক দগ্ধ হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ফতুল্লার সস্তাপুর এলাকাতে সদর উপজেলা পরিষদের পাশে একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন খালেক মিয়ার বাড়িতে ভোরে গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫টি ঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে যায়। দগ্ধ হয় রিকশা চালক হোসেন আলী, তার স্ত্রী ক্যাডটেক্স গার্মেন্টসের শ্রমিক নাসিমা আক্তার, তাদের ছেলে হাবিবউল্লাহ (৭) ও হাবলু (৫)। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজিমউদ্দিন খান জানান, চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মন্ডলপাড়া স্টেশন) ডিউটি অফিসার মোর্শেদ আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।