খালিদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:১৫
হঠাত্ গত বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের আবার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। ফলে খালিদ হোসেনকে ডাক্তারের পরামর্শে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ৪৪০ নম্বর কেবিনে তিনি ভর্তি ছিলেন। গত ২৩ মার্চ সকালে শ্বাস-প্রশ্বাসে গুরুতর সমস্যা দেখা দিলে তাকে ওই দিন সকালেই ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষেণে রাখা হয়। পরদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার সহধর্মিণী মিসেস শাহানা হোসেন জানান, খালিদ হোসেনের হার্টে সমস্যা জনিত কারণেই তার ফুসফুসে পানি জমেছে। যে কারণে নিউমোনিয়া জনিত সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তার ব্রংকাইটিসজনিত সমস্যাও রয়েছে। মাঝে কয়েকদিন সুস্থ থাকলেও গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি দেখা দেয়। পাশাপাশি কিডনি জনিত সমস্যাও রয়েছে। দীর্ঘ পনের বছর আগে খালিদ হোসেনের একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুবই নাজুক। শুধু তাই নয়, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী আর্থিক সমস্যাতেও দিনযাপন করছেন। পরিবারের পক্ষ থেকে গুণী এই শিল্পীর দ্রুত আরোগ্য লাভের জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন। উল্লেখ্য, তার ৬টি নজরুল সংগীতের অ্যালবাম রয়েছে। সর্বশেষ ১০ বছর আগে তার নজরুল সংগীতের অ্যালবাম ‘শাওন রাতে যদি’ বাজারে আসে।