জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘন করে পরীক্ষামূলকভাবে দুইটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় উত্তর কোরিয়ার প্রতি সর্বসম্মত নিন্দা জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের আহবানে গত বৃহস্পতিবার নিউইয়র্কে এক জরুরি রুদ্ধদ্বার সভায় মিলিত হওয়ার পর নিরাপত্তা পরিষদ এই প্রতিক্রিয়া জানায়।
জাতিসংঘে লুক্সেমবার্গের প্রতিনিধি এবং নিরাপত্তা পরিষদের সভাপতি সিলভিও লুকাস বলেন, ‘এই নিক্ষেপকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তসমূহের লঙ্ঘন হিসেবে নিরাপত্তা পরিষদের সদস্যরা এর নিন্দা জানিয়েছে’। তিনি জানান, ‘পরিষদের সদস্যরা একটি যথাযথ জবাব দেয়ার জন্য আলোচনা করতে সম্মত হয়েছে’। লুকাস সাংবাদিকদের আরো বলেন, ‘নিক্ষেপটির নিন্দা ছিল সর্বসম্মত। এছাড়া, আমরা সবাই রাজি হয়েছি যে, দ্রুত এর জবাব দেয়া উচিত।’ তবে এটা স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া চেয়েছিল। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার সাংবাদিকদের এ ব্যাপারে কোনো কথা বলেননি।
২০০৯ সালের পর গত বুধবারই উত্তর কোরিয়া প্রথমবারের মতো মাঝারি পাল্লার রুডং ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যা জাতিসংঘের সিদ্ধান্তের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে সামপ্রতিক সময়ে ধারাবাহিকভাবে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এটা উত্তর কোরিয়ার একটি বড় ধরনের পদক্ষেপ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, পরিষদের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের উপর আলোচনা আগামী সপ্তাহে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
