যুক্তরাষ্ট্র রাশিয়ায় স্পর্শকাতর পণ্য ও প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির পর দেশটি এ পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি এন্ড সিকিউরিটি (বিআইএস) চলতি সপ্তাহের প্রথমদিকে এক বিবৃতিতে বলেছে, তারা স্পর্শকাতর পণ্যসমূহ রূপ্তানির জন্য লাইসেন্স দেয়া বন্ধ করছে। বিআইএস বলেছে, চলতি বছরের পহেলা মার্চ থেকে তারা রাশিয়ায় কিছু পণ্য রূপ্তানির জন্য লাইসেন্স প্রদান বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এছাড়া দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, ডাইরেক্টরেট অব ডিফেন্স ট্রেড কন্ট্রোলস সোমবার প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য ও সেবার লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে যেন এসবের রূপ্তানি রাশিয়ায় না করা যায়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি এটি তারই অংশ।
