‘বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে’

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:০১
২০১৩ সালে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের হার ১৫ শতাংশ বেড়েছে। আর এই সংখ্যা বাড়ার পেছনে ইরাক ও ইরানের বড় ধরনের ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক মৃত্যুদণ্ড পর্যালোচনা করে গোষ্ঠীটি দেখতে পায় ২০১২ সালের তুলনায় বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর ১৫ শতাংশ বেড়েছে। অনুমান করা হয় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় চীনে। কিন্তু দেশটিতে এ বিষয়ক প্রকৃত তথ্য কঠোরভাবে গোপন রাখা হয়। জানা তথ্য অনুযায়ী ২০১৩ সালে বিশ্বে মোট ৭৭৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর ২০১২ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয় ৬৮২ জনের। ২০১৩ সালে ইরানে ৩৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর ইরাকে ১৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল সলিল শেঠি বলেন, “মাত্র কয়েকটি দেশ কাণ্ডজ্ঞানহীনভাবে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। তারা তা থেকে বিরত হচ্ছে না। অথচ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বিধান বিলোপে অনেকদূর অগ্রগতি অর্জিত হয়েছে।” ২০১৩ সালে বিশ্বের ২২টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়া, কুয়েত, নাইজেরিয়া এবং ভিয়েতনামও মৃত্যুদণ্ড কার্যকর শুরু করেছে। যদিও অনেক দেশই মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত রয়েছে। ২০১৩ সালে এ বিষয়ে বিশ্বের প্রায় সব অঞ্চলেই অগ্রগতি হয়েছে।