ওবামাকে ড্রোন হামলার কৌশল পুনর্বিবেচনার আহ্বান জাতিসংঘের

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:০১
বিভিন্ন দেশে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলার কৌশল পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির এক প্রতিবেদনে কিভাবে হামলার কৌশল ও লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় তা প্রকাশ করারও আহ্বান জানায় সংস্থাটি। ২০০৬ সালের পর এটি ওয়াশিংটনের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের প্রথম প্রতিবেদন। এতে সিআইএ প্রোগ্রামের আওতায় যারা অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে বিচারকাজ চালানোর দাবি জানানো হয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনসহ বিভিন্ন জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ব্যাপকতা বাড়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সাধারণ নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন এবং সোমালিয়াসহ অন্যান্য দেশে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রে কিভাবে লক্ষ্যবস্তু ঠিক করা হয় যুক্তরাষ্ট্রকে এর ব্যাখ্যা দিতে হবে।