মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে জেটাস মাদক চক্রের সন্দেহভাজন ১০ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ভেরাক্রুজ রাজ্যের জননিরাপত্তা কার্যালয় জানায়, নিহতদের মধ্যে ৯ পুরুষ ও এক নারী রয়েছেন। তারা একটি অপহরণ চক্রেরও সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। জননিরাপত্তা কার্যালয় আরো জানায়, প্রথমে তারা পেরোতো শহরের একটি এলাকায় অপহরণচক্রকে ধরতে অভিযান চালায়। সেখানে মাদক চক্রের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এতে করে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানান, অভিযানকালে বেশ কিছু রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উল্লেখ্য, এই জেটাস গ্রুপ সাবেক সেনা সদস্যদের দ্বারা গড়ে উঠেছে। বিগত বছরগুলোতে মেক্সিকোতে তারাই বেশি সহিংসতার ঘটনা ঘটিয়েছে।
