বড়লেখায় খাসিয়া সম্প্রদায়সহ স্থানীয়দের রাস্তা বন্ধ করায় ক্ষোভ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:২৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগান কর্তৃপক্ষ খাসিয়া সমপ্রদায়সহ স্থানীয় জনসাধারণের রাস্তা কাটাসহ গেট স্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ফলে এলাকাবাসী ও চা বাগানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। পাল্লাথল চা বাগান কর্তৃপক্ষ অত্যন্ত সুকৌশলে বাগানের জমি লীজ নবায়নের সময় পার্শ্ববর্তী আয়শাবাগ চা বাগান ও খাসিয়া জনগোষ্ঠির চলাচলের রাস্তা নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। তত্কালীন জেলা প্রশাসক মাঠপর্যায়ের বর্তমান ও পূর্বের অবস্থার কোনপ্রকার তদন্ত না করে পাল্লাথল বাগানের পক্ষে লীজ প্রদান করেন। এ ব্যাপারে আয়শাবাগ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ২০১৩ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে এক আবেদন করেন। আবেদনে তিনি লীজ বাতিলসহ গেট অপসারণের দাবি জানান। অপরদিকে ২০১৩ সালের ৭ অক্টোবর মার্শাল খাসিয়াসহ এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেন। ঐ আবেদনে বাটা মোড়ল খাসিয়া পুঞ্জি ও পার্শ্ববর্তী গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তা খুলে দিয়ে পাল্লাথল চা বাগানের লীজ দলিল হতে রাস্তা বাদ দিয়ে পূর্বের ন্যায় জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্তের দাবি করেন। সে অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী অফিসার দিলীপ কুমার দাশ গত ৯ জানুয়ারি লিখিত মতামতে জনসাধারণের যাতায়াতের স্বার্থে পাল্লথল চা বাগানকে লীজ দলিলভুক্ত না করে সরকারি রাস্তা হিসেবে ব্যবহার করার জন্য সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেন। এছাড়া বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোঃ আমিনুর রহমানের পত্রে পাল্লাথল চা বাগানের বন্ধ করা রাস্তা খুলে দেয়ার জন্য লিখিত নির্দেশ দেন চা বাগান কর্তৃপক্ষকে। কিন্তু এ পর্যন্ত পাল্লাথল কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। এ নিয়ে চা বাগান কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।