চান্দিনায় চলছে বড় দুই দলের জমজমাট প্রচারণা

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:২৮
পঞ্চম পর্যায়ের আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ১৯ দলের প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে এ উপজেলায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থী থাকায় এখানে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন। বড় দুই দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার, লিফলেট ও মাইকিংসহ জমজমাট প্রচারণায় উত্সবমুখর হয়ে উঠেছে উপজেলার গ্রাম-পাড়া ও মহল্লা। ভোট চেয়ে দিন-রাত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। জানা যায়, জেলার চান্দিনায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। এখানে আওয়ামী লীগ সমর্থিত তপন বকসী (আনারস), বিদ্রোহী মো. নাজমুল আহসান মজুমদার রিপন (কাপ-পিরিচ), ১৯ দল সমর্থিত অধ্যাপক মো. আবু তাহের (টেলিফোন) ও বিদ্রোহী প্রার্থী বিএনপির মফিজুর রহমান ভূঁইয়া (দোয়াত কলম) চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এদিকে ১৯ দল সমর্থিত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা অধ্যাপক মো. আবু তাহেরের টেলিফোন প্রতীকের বিজয়ের লক্ষ্যে এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপি ও এলডিপিসহ দলীয় নেতা-কর্মীরা গত সোমবার চান্দিনার বিভিন্ন স্থানে জনসভা-পথসভা ও গণসংযোগ করেন। এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোসলেহ উদ্দিন (চশমা), ১৯ দল সমর্থিত শরীফুজ্জামান (তালা) ও বিদ্রোহী প্রার্থী জামায়াতের মোশারফ হোসেন (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নাজমা আকতার চৌধুরী (প্রজাপতি), ১৯ দল সমর্থিত প্রার্থী নার্গিস আক্তার (হাঁস) ও বিদ্রোহী প্রার্থী বিএনপির আনোয়ারা জামান (কলসী) প্রতীক নিয়ে জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন।