পাথরঘাটায় লড়াই হবে দ্বিমুখি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:২৯
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩জন, বিএনপির ১জন ও চরমোনাই পীরের ইসলামি আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জোট সমর্থিত চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ও আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রিপন মোল্লার মধ্যে। দু’জন প্রার্থীই উপজেলার দুটি ইউনিয়নের জনপ্রিয় বর্তমান চেয়ারম্যান। এছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা জাকির হোসেন শিকদার ঘোড়া প্রতীক এবং ইসলামী আন্দোলনের মনিরুজ্জামান তালুকদার দোয়াত-কলম প্রতীক নিয়ে মাঠে আছেন। এই মুহূর্তে নির্বাচনী মাঠের ভোটের হিসাব নিকাশে বিএনপি সমর্থিত চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী কাঁঠালতলী ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমানই লড়াইয়ে কিছুটা এগিয়ে আছেন বলে মনে করেন তার সমর্থক ভোটাররা। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়াই হবে দ্বিমুখি। ১৯ দলীয় জোট সমর্থিত বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবুর প্রজাপতি প্রতীক ও আওয়ামীল লীগ সমর্থিত, মানবাধিকার নেত্রী ও কলামিষ্ট ফাতিমা পারভীনের কলস প্রতীকের মধ্যে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় মোট প্রার্থী রয়েছে ৬ জন। তবে এ পদে বিএনপি সমর্থিত মহিউদ্দিন পান্নার (মাইক) প্রতীক, আওয়ামী লীগ সমর্থিত জামাল আহম্মেদ পঞ্চায়েতের (উড়োজাহাজ) ও স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন বাবুলে (চশমা) প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী শওকত হাসান রহিম (টিউবওয়েল), আওয়ামী লীগের অপর বিদ্রোহী মল্লিক মোহাম্মদ ফারুকের (তালা) ও স্বতন্ত্র প্রার্থী প্রদীপ বারিক (টিয়াপাখি) নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।