‘খুন বন্ধ না হলে এসপি অফিস ঘেরাও’

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩১
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, পুলিশ যদি নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড বন্ধ করতে না পারে তবে তাদের এখানে চাকরি করতে দেয়া হবে না। প্রয়োজনে বৃহত্ কর্মসূচি দিয়ে এসপি অফিস ঘেরাও করা হবে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে নগর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় সভাপতির দায়িত্ব পালন করেন নগর বিএনপি’র সহ-সভাপতি সুরুজ্জামান সুরুজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান।