পৃথক ঘটনায় ৫ জন নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩১
দেশের বিভিন্নস্থানে নানা ঘটনায় ৫ জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কেশবপুরে পল্লী চিকিত্সককে গুলি করে হত্যা যশোরের কেশবপুরে দুর্বৃত্তদের গুলিতে এক পল্লী চিকিত্সক খুন হয়েছেন। নিহত পল্লী চিকিত্সক সুব্রত কুণ্ডু (৩২) কেশবপুরের শ্রীরামপুর গ্রামের কার্তিক কুণ্ডুর ছেলে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মির্জানগরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপরদিকে মনিরামপুরে পুলিশের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রগুলিসহ ডাকাত মিজানুরকে (২৮) আটক করেছে। জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।জামালপুর রেলওয়ে থানার এস আই আবুল হোসাইন জানান, গত ২৭মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার ঝিনাই ব্রীজের কাছে রেল লাইন অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। চেক সার্ট ও কালো রংয়ের জিন্স প্যান্ট পরিহিত নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। হাজীগঞ্জে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বদরপুর গ্রামে টয়লেটের টাংকি থেকে মোবাইল ফোন তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে এক পরিচ্ছন্নকর্মী (সুইপার)। গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বদরপুর গ্রামে শাহিনের বাড়ীতে এই ঘটনাটি ঘটে। মৃত্যু পরিচ্ছন্নকর্মীর নাম মোঃ মজিদ হোসেন (৪০)। তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলায়। সে হাজীগঞ্জ রেল ষ্টেশনের বস্তিতে বসবাস করে আসছিল। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাভারে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই সাভারে এক অটো চালককে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বেলা ১২টায় সাভারে বিরুলিয়া ইউনিয়নের দামপাড়া এলাকা থেকে ওই অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটো চালকের নাম নয়ন (২০), তার বাড়ী নেত্রকোনা জেলায়। আশুলিয়ায় ভাড়া বাড়িতে থেকে সে ব্যাটারী চালিত অটো রিক্সা চালাতো। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাতিয়ায় দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৪ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে জমিতে ডাল তোলা নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ ১জন কে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে চাষ করা ডাল তোলা নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ জাকের হোসেন (২০) মোঃ বাসার (২৫) মোঃ শাহারাজ (২৮) মোঃ মাহফুজ (২০) ও মোঃ ছাইফুল (১৮) সহ ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে মোঃ জাকের হোসেন মৃত্যু হয়। মোঃ জাকের উত্তর সাগরিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।