পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরের ঋষিবাড়ীর সার্বজনীন কালী মন্দিরের জমি গতকাল শুক্রবার সকালে দখলের চেষ্টাকালে বাধা দেয়ায় হিন্দু সম্প্রদায়ের নারী ও শিশুসহ চারজনকে কুপিয়ে ও প্রহারে আহত করেছে দখলবাজরা। গুরুতর আহত কার্তিক ঋষি দাসকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং শিবু (১২) ও মিনতি রানীকে (৩৫) মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁঁছালে পরিস্থিতি শান্ত হয়। মন্দির কমিটির সভাপতি নিমাই ঋষি দাস জানান, দুই শতাংশ জমির উপর তাদের ঋষিবাড়ির ২শ’ বছরের সার্বজনীন এই মন্দিরে ধর্মীয় পূজা-অর্চনা চলে আসছে। বেশ কিছুদিন ধরে পাশের হাবিব খান মন্দির সংলগ্ন তার জমিতে পাকা ভবন নির্মাণ কাজ করছিল। গতকাল সকাল ৯টার দিকে হঠাত্ হাবিব খানের লোকজন মন্দিরের দেবোত্তর সম্পত্তিতে প্রবেশ করে মাটি কেটে নির্মাণাধীন পাকা ভবন সমপ্রসারণের কাজ শুরু করে। এসময় ঋষিবাড়ির লোকজন বাধা দিলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। মির্জাগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সেখানে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
