টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত দুই শক্তি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চলতি আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও শ্রীলংকার বিরুদ্ধে দারুণ এক জয়ে নিজেদের শক্তির প্রমাণ ভালোভাবেই দিয়েছে ইংলিশরা। আর আজ যারা জিতবে তারাই এগিয়ে যাবে শেষ চারে খেলার পথে; এমনই এক সমীকরণ সামনে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
এক নম্বর গ্রুপের দলগুলোকে নিয়ে নাটক বেশ জমে উঠেছে। কারণ প্রত্যেক দলই কমপক্ষে একটি করে ম্যাচে হেরেছে। আবার তাদের জয়ের পাল্লাও প্রায় সমান ভারী। এই গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলংকার জয় এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আবার বৃষ্টি আইনে নিউজিল্যান্ড জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট হারালেও তারা আবার জিতেছে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে। শ্রীলংকা প্রথম ও দ্বিতীয় ম্যাচে জিতেছে ঠিকই কিন্তু তৃতীয় ম্যাচে এসে হেরেছে আবার ইংল্যান্ড দলের বিপক্ষে। ইতিমধ্যে ৩ ম্যাচ শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থানে রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের দুই ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট করে। সুতরাং সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই লড়াইয়েই অনেকটাই নির্ধারিত হতে যাচ্ছে এই গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাচ্ছে সেই বিষয়টি।
আজকের ম্যাচ নিয়ে প্রত্যেক দলই আশাবাদী ম্যাচ জয়ের ব্যাপারে। দলের অধিনায়কগণ জানালেন, ম্যাচে প্রতিপক্ষ দলকে কোন অবস্থাতেই ছাড় দেয়া যাবে না। কারণ সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে সকল দলকে পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ জিততে হবে। যে দল মাঠে পারফর্ম করবে, সে দলই সেমিফাইনাল খেলবে।
এই গ্রুপের দুর্বল দল বলে পরিচিত নেদারল্যান্ড প্রতিপক্ষ শ্রীলংকার কাছে লজ্জাজনক হারলেও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বীরের ন্যায় লড়াই করেছে। অভিজ্ঞতার অভাবে ম্যাচ জিততে না পারলেও পরবর্তী ম্যাচে তাদের বিপক্ষে দলগুলোর ঘুম এখন হারাম হয়ে গেছে। কারণ যে কোন মুহূর্তে অঘটন ঘটানোর ক্ষমতা যে তাদের আছে ইতোমধ্যেই সেটা প্রমাণ করেছে তারা। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায়।
