দীর্ঘ ৭৫ বছর পর ঢাকা-বরিশাল ভায়া চাঁদপুর নৌপথে আজ শনিবার থেকে চালু হচ্ছে একটি নতুন যাত্রীবাহী স্টিমার ‘এমভি বাঙালি’। এছাড়া ‘এমভি মধুমতি’ নামে নিমার্ণাধীন আরো একটি স্টিমার আগামী জুন মাস থেকে ঢাকা-বরিশাল নৌপথে চলাচল শুরু করবে। ঢাকার সদরঘাটে আজ সকাল ৯টায় ‘এমভি বাঙালি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশীয় অর্থায়নে স্টিমার দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে ‘এমভি বাঙালি’ নির্মাণে ব্যয় হয় ২৬ কোটি ৮০ লাখ টাকা। ‘কনস্ট্রাকশন অব টু নাম্বার্স প্যাসেঞ্জার ভেহিকেল ফর বিআইডব্লিউটিসি’ প্রকল্পের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। নতুন এই স্টিমার প্রসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ব্রিটিশ আমলের পর এই প্রথম বিআইডব্লিউটিসির মাধ্যমে ব্রিটিশ মডেলে স্টিমার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এ ধরনের স্টিমার নির্মাণের নির্দেশ দিয়েছেন।
বাঙালি স্টিমার নির্মাণে সময় লেগেছে ১৫ মাস। স্টিমার দুটির প্রতিটির দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার। প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। স্টিমার দুটির প্রতিটির যাত্রী ধারণক্ষমতা ৭শ ৫০ জন এবং মালামাল পরিবহনের ক্ষমতা ২শ মেট্রিক টন। এ দুটির গতিবেগ ঘন্টায় ২০ ন্যটিক্যাল মাইল। বাঙালি স্টিমারের যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে—সুলভ ঢাকা-বরিশাল ১৭০ টাকা, চাঁদপুর ১শ টাকা। স্টিমারে ৪টি সিঙ্গেল কেবিন, ৩৪টি ডাবল কেবিন ও একটি ভিআইপি কেবিন রয়েছে।
