জনগণের অধিকার ফিরিয়ে দিলেই গণতন্ত্র বাঁচবে

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৮
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিলেই কেবল গণতন্ত্র বাঁচবে। ভোটবিহীন নির্বাচন, ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে এই সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিজিবি, র্যাব ও যৌথবাহিনী দিয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ চালানো হচ্ছে। আ স ম রব গতকাল শুক্রবার উল্লাপাড়া শহীদ মিনার চত্বরে উল্লাপাড়ার বিশিষ্ট শ্রমিক নেতা ও সিরাজগঞ্জ জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামছুল ইসলাম সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেলিম স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সেলিম স্মৃতি পরিষদের সভাপতি গাজী স ম আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে জাসদ সম্পাদক আব্দুল মালেক রতন, সাবেক এমপি আব্দুল হামিদ তালুকদার, সাবেক এমপি এ্যাড. সামছুল আলম, সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি আব্দুল হাই প্রমুখ বক্তৃতা করেন।