ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সারা দেশে গণভোট দাবি!

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৮
ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউক্রেনের প্রতিটি অঞ্চলের ‘ভবিষ্যত্ নির্ধারণে’ দেশব্যাপী গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। গণভোটের মাধ্যমে ক্রিমিয়া নিজের স্বাধীনতা ঘোষণা ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত হতে সফল হওয়ায় তিনি এই দাবি করলেন। রাশিয়ার বার্তা সংস্থা ইতার-তাস ইয়ানুকোভিচের এক বিবৃতির বরাত দিয়ে জানায়, ‘আপনাদের চিন্তা ও আত্মার সঙ্গী হয়ে থাকা প্রেসিডেন্ট হিসেবে আমি ইউক্রেনের প্রতিটি সুবিবেচক নাগরিকের প্রতি প্রতারকদের দ্বারা ব্যবহূত না হওয়ার আহ্বান জানাই এবং ইউক্রেনের প্রতিটি অঞ্চলের ভবিষ্যত্ মর্যাদা নির্ধারনে একটি গণভোটের দাবি জানাই।’ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা ও নিন্দা সত্ত্বেও এ মাসের গোড়ার দিকে এক গণভোটে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়।