ইউক্রেন সীমান্ত থেকে মস্কোকে অবশ্যই সেনা সরাতে হবে:ওবামা

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২৩:৩৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মস্কোর উদ্দেশে বলেছেন, ইউক্রেনকে ভয় দেখাবেন না। তিনি উত্তেজনা কমিয়ে ইউক্রেন সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসার জন্যও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়া গত কয়েকদিনে ইউক্রেনের পূর্ব সীমান্তে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন করেছে। এ সম্পর্কে সিবিএস নিউজকে ওবামা বলেন, ‘রাশিয়া হয়তো ইউক্রেনকে ভয় দেখাতে চায় অথবা মস্কোর অন্য কোনো পরিকল্পনা রয়েছে।’ রুশ প্রেসিডেন্টকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাঁর মনে সোভিয়েত ইউনিয়নকে হারানোর যে বেদনা ছিল সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার বহিঃপ্রকাশ ঘটছে। কিন্তু শীতল যুদ্ধের সময়কার আচরণ এখন করা উচিত হবে না। আমার মনে হয় পুতিনের মধ্যে রুশ জাতীয়তাবাদী চেতনা জেগে উঠেছে। তিনি ভাবছেন, সামপ্রতিক বছরগুলোতে রাশিয়ার চেয়ে পশ্চিমারা এগিয়ে গেছে। কাজেই এর প্রতিকার করা দরকার।’ তিনি আরো বলেন, আমি যেকথা বলতে চাই তা হলো পুতিন পাশ্চাত্য সম্পর্কে ভুল ধারণা করে বসে আছেন। তিনি আমেরিকার পরাষ্ট্রনীতি বুঝতেই পারেননি। রাশিয়াকে চটানোর কোনো ইচ্ছে আমাদের নেই এবং ইউক্রেনেও আমাদের কোনো স্বার্থ নেই। আমরা চাই ইউক্রেনের জনগণ তাদের দেশের ভাগ্য নির্ধারণ করুক।