চীনের ইউনান প্রদেশের গভর্নর ঢাকা আসছেন আজ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২৩:৪১
তিন দিনের সফরে চীনের ইউনান প্রদেশের গভর্নর লি জিহেং আজ শনিবার ঢাকা আসছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই তার এ সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও আসছে। এই প্রতিনিধি দলে ইউনান সরকারের শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীরা থাকছেন। সফরকালে ইউনানের গভর্নর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও তিনি সাক্ষাত্ করবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। প্রস্তাবিত চার দেশীয় অর্থনৈতিক করিডোর বিসিআইএম’র অগ্রগতির বিষয়টি তার সফরের আলোচনায় গুরুত্ব পাবে। কয়েক মাস আগে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক কুনমিং সফর করেন। সে সময় তিনি প্রদেশটির গভর্নরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তার সফর দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।