১৯৭০ সালে পাকিস্তানের সংবিধান সভায় যে সংবিধান তৈরি করার প্রক্রিয়া চলছিল তার ভিত্তিতেই পরে বাংলদেশের সংবিধান তৈরি হয়। এতে করে সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়নি। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সংবিধান সংশোধন ও গণতান্ত্রিক ধারা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর এসব কথা বলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উত্সবের প্রথমদিনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়। বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম মকসুদর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল ফজল হক।
সেমিনারে বদরুদ্দীন উমর আরো বলেন, ‘স্বাধীন হওয়ার পর রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ ব্যবসায়িক শ্রেণীর হাতে যেতে শুরু করে। এরই ধারাবাহিকতায় সংসদে এখন ব্যবসায়ি সদস্যদের সংখ্যা বাড়ছে। এরা অধিকাংশই এখন দেশের চিন্তা না করে ব্যবসায়িক কাজে বেশি ব্যস্ত থাকেন।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক ফজলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এম আনসার উদ্দীন।
