সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রচার করাকে অপপ্রচার, উদ্ভট ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
গতকাল শুক্রবার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক মহল থেকে প্রয়াত জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করার অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের উদ্ভট দাবি শুধু ঐতিহাসিক সত্যেরই নির্লজ্জ অপলাপ নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিক অপচেষ্টার নবতর সংযোজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রাষ্ট্রের আইনগত ও সাংবিধানিক ভিত্তি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রচিত। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরুর পর ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করে একটি বৈধ সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে বী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাজউদ্দিন আহমদ। এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। এ সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্রের মাধ্যমে শপথ গ্রহণ করে। জিয়াউর রহমান এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধে জেড ফোর্স পরিচালনা করেন।
ফোরামের পক্ষে বলা হয়, ৪৩ বছর পরে জিয়াউর রহমানকে কোন তথ্য-যুক্তিতে এবং কোন রাজনৈতিক প্রয়োজনে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটি বিস্ময়কর। জিয়াউর রহমান নিজেও জীবিত থাকতে এ ধরনের উদ্ভট দাবি করেননি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বুধবার দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেন।
